ওঙ্কার ডেস্ক: ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল সে দেশের সামরিক আদালত। গত ১১ ডিসেম্বর এই রায় দেন বিচারক। বৃহস্পতিবার পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর তরফে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, প্রাক্তন পাক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের নিরাপত্তার ঝুঁকি নিয়ে গোপনীয়তা আইন লঙ্ঘন করা, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদের অপচয়ের অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দীর্ঘ ১৫ মাস বিচারপ্রক্রিয়া চলে। শুনানি শেষে আদালত সাজা ঘোষণা করে। আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, হামিদের বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শুরু হয়েছিল ২০২৪ সালের ১২ অগস্ট। অভিযোগ ওঠার পর তাঁকে দীর্ঘ জেরা করা হয়। শুনানি শেষে আদালত ফয়েজ হামিদকে দোষী সাব্যস্ত করে। সাজা হিসেবে তাঁকে দেওয়া হয় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। পাক সেনার তরফে জানানো হয়, হামিদকে সমস্ত আইনি অধিকার দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ফয়েজ হামিদকে হেফাজতে নেওয়া হয়। ওই বছর থেকে তাঁর বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের বিচার প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনকালে ফয়েজ হামিদ গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলেছেন।
