ওঙ্কার ডেস্ক: বিশ্বমঞ্চে পাকিস্তানকে আক্রমণ ভারতের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের কথা উল্লেখ করে রাষ্ট্রসঙ্ঘে ইসলামাবাদকে এক হাত নিলেন ভারতীয় দূত পার্বথানেনি হরিশ। পাকিস্তানকে কটাক্ষ করে ভারতের দূত বলেন, সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল পাক বাহিনী।
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল পাকিস্তানের প্রতিনিধি। তার পাল্টা জবাব দিতে গিয়ে পাকিস্তানকে তুলোধনা করেন পি হরিশ। বিশ্বের সামনে কার্যত বেআব্রু করে দেন তিনি ইসলামাবাদকে। হরিশ বলেন, প্রতি বছর রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করা হয়। যা দুর্ভাগ্যজনক। পাকিস্তান বারবার জম্মুকাশ্মীরের প্রসঙ্গ তুলে ধরে, কিন্তু তারা বলে না ভারতীয় ভূখণ্ড জোর করে দখল করে রেখেছে। অথচ পাকিস্তান নিজেদের নাগরিকদের উপর বোমা হামলা চালায়। গণহত্যা করে। আর তা থেকে নজর ঘোরাতে বিশ্বের সামনে কাশ্মীরের কথা বলে।
হরিশের কথায়, ‘পাকিস্তান এমন দেশ যারা নিজের দেশের নাগরিকদের নৃশংসভাবে হত্যা করে। ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের মাধ্যমে ৪ লক্ষ নারীকে গণধর্ষণ ও হত্যা করেছিল। পাকিস্তানের এই গণহত্যা আজ গোটা বিশ্বের সামনে এসেছে।’ রাষ্ট্রসঙ্ঘে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা চলছিল। সে সময় ভারতের প্রতিনিধি দাবি করেন, নারী, শান্তি এবং নিরাপত্তা প্রশ্নে ভারতের রেকর্ড অনবদ্য।
