ওঙ্কার ডেস্ক: প্রকাশ্য সভায় বিরল স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ১০ মে ভোরে ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নূর খান বিমানঘাঁটি এবং পাকিস্তানের অভ্যন্তরে অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এ বিষয়টি প্রকাশ্যে মেনে নিলেন শরিফ। ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের রাত আড়াইটে নাগাদ তাঁকে ফোন করে বলেন, ভারত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
শাহবাজ শরিফের কথায়, ‘৯ ও ১০ মে মধ্যবর্তী রাত আড়াইটে নাগাদ জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে বলেন যে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। একটি নূর খান বিমানঘাঁটিতে এবং কিছু অন্যান্য এলাকায় আঘাত হেনেছে’। রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের মধ্যে অবস্থিত নূর খান বিমানঘাঁটি। বিমান অভিযানের জন্য এটি পাকিস্তানের একটি কৌশলগত সামরিক ঘাঁটি। চাকলালা বিমানঘাঁটি নামে আগে পরিচিত ছিল এটি। মূলত এই প্রথম নয়, এর আগে এই বিমানঘাঁটিতে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বাহিনী প্রত্যাঘাত করেছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের একটি ভিডিও শেয়ার করে বিজেপি মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই স্বীকার করেছেন যে জেনারেল আসিম মুনির তাঁকে রাত আড়াইটের দিকে ফোন করে জানিয়েছিলেন যে ভারত নূর খান বিমান ঘাঁটি এবং আরও বেশ কয়েকটি জায়গায় প্রত্যাঘাত করেছে। এটা বুঝতেই পারছেন যে, প্রধানমন্ত্রী মাঝরাতে পাকিস্তানের ভেতরে হামলার খবর পেয়ে ঘুম থেকে উঠেছিলেন। এটি অপারেশন সিঁদুরের মাত্রা, নির্ভুলতা এবং সাহসিকতার কথা অনেকাংশে বলে।’
