অর্পিতা মুখার্জী, কলকাতা: দূষণের জেরে হাঁসফাঁস করছে পাকিস্তানের লাহোর। ‘বিষ’ বাতাসে নাভিশ্বাস অবস্থা শহরবাসীর। আর এই দূষণের জন্য ভারতকে কাঠগড়ায় তুলেছিল ইসলামাবাদ। তাদের দাবি ছিল, দীপাবলিতে ভারতে বাজি পোড়ানোর ধোঁয়া সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে পাকিস্তানে।
কিন্তু এবার সেই দাবিকেই নস্যাৎ করে দিল পাকিস্তানের নিজেরই দূষণ সংক্রান্ত রিপোর্ট। পাকিস্তানের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, লাহোরের দূষণের সঙ্গে ভারতে দীপাবলিতে বাজি ফাটানোর কোনও সুনির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি।
মঙ্গলবার পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভ তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে ভারতে দীপাবলিতে বাজি ফাটানোর সঙ্গে লাহোরের দূষণের তত্ত্ব কার্যত খারিজ করে দেওয়া হয়েছে। বরং রিপোর্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শস্যের গোড়া পোড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উপগ্রহ চিত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে সেখানে কৃষিজমিতে প্রায় ১৬ হাজার ৭১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত হয়েছে। এর অধিকাংশই শস্যের গোড়া পোড়ানোর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। গত বছরও একই সময়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একই ছবি দেখা গিয়েছিল। এবারও তার বদল হয়নি।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে লাহোর। শুক্রবার লাহোরের বাতাসের গুণমান সূচক (একিউআই) পৌঁছেছে ৪১০-এ। একিউআই হল বায়ুদূষণ পরিমাপের একক। ৩০০-এর বেশি মান পৌঁছে গেলেই তা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়। ফলে লাহোরের পরিস্থিতি কতটা ভয়াবহ, তা সহজেই বোঝা যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলিতে বায়ুদূষণ আরও ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। বাইরে বেরলে মুখে মাস্ক ও ঘরের ভিতরে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।