নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ভাইফোঁটার দিনটা আনন্দের হওয়ার কথা ছিল। বাড়িতে উৎসবের আমেজ। দুই দিদি তৈরি হচ্ছিলেন একমাত্র ভাইয়ের কপালে ফোঁটা দেবেন বলে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বদলে গেল কান্নায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৯ বছরের সমীরণ সরদারের। জানা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বেলেগাছির উত্তর হরিমুল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাইফোঁটার দিন বৃষ্টির সম্ভাবনা দেখে সমীরণ ছুটে যায় স্থানীয় ক্লাবের কালীপুজোর প্যান্ডেলে। সেখানে লাগানো লাইটি খুলতে গিয়েছিল সে। সেই কাজ করতে গিয়েই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয় সমীরণ। শক লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের।
যে দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন, সেই দিনেই ভাইকে হারিয়ে শোকে পাথর দুই দিদি। পরিবারের একমাত্র ভাইকে হারিয়ে শোকস্তব্ধ গোটা সরদার পরিবার। ভাইফোঁটার আনন্দের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে কান্না আর বেদনার পরিবেশে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।