ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। বুধবার একটি সিআরপিএফ চেকপোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) তিন জওয়ান। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরবাইকে চেপে ঘটনাস্থলে আসে হামলাকারীরা। এরপর চেকপোস্টে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। আচমকা এই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হন। পাল্টা জবাব দেন সিআরপিএফ জওয়ানরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি)। হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাকারীদের চিহ্নিত করে তাদের নাগাল পেতে তল্লাশি চালাচ্ছে বাহিনী। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলার পর জঙ্গিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
এক বিবৃতিতে সিআরপিএফ জানিয়েছে, ‘আজ বিকেলে জম্মুকাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে (নাকা পয়েন্ট) মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। এর ফলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য আহত হন,” বিবৃতিতে আরও বলা হয়, “ঘটনাটি ঘটে দুপুর সোয়া ২টার দিকে। হামলাকারীরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সদস্যদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”