নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাইফোঁটা মানে শুধু কপালে ফোঁটা আর মিষ্টি মুখ নয়। এবার সুন্দরবনে ভাইফোঁটা পালিত হল একটু অন্য ভাবে। জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিয়ে, বোনেদের স্বাবলম্বী করতে তাঁদের হাতে তুলে দেওয়া হল জীবিকার উপকরণ।
এই উদ্যোগে ১০০ জন মহিলা পেলেন ১০০টি সেলাই মেশিন। ৫০ জনকে দেওয়া হল ৫০টি ভ্যান রিকশা। আর ২০০টি ছাগল পেলেন আরও অনেক মহিলা। শুধু তাই নয়, আরও ৪০ জন মহিলাকে ব্যবসা শুরু করার জন্য দেওয়া হয়েছে ১ হাজারটি শাড়ি, ১ হাজারটি ওড়না, ১ হাজারটি সায়া ও ১ হাজারটি নাইটি।
আয়োজকদের বক্তব্য, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যাতে তাঁরা নিজেরাই নিজেদের জীবিকা গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিভান অফ মার্সি (ইউকে)-এর চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম ইকবাল প্যাটেল, হাফেজ সালেহ, ট্রাস্টের সম্পাদক মাওলানা হাফিজুর রহমান পেয়াদা, সভাপতি ক্বারী আব্দুল গাফফার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন বিভিন্ন ধর্মের ভাই-বোনেরা একে অপরকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। বক্তারা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা তুলে ধরেন। ভাইফোঁটার এই আয়োজন সুন্দরবনে একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করল, অন্যদিকে বোনেদের হাতে জীবিকার উপকরণ তুলে দিয়ে নারী স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।