ওঙ্কার ডেস্ক: পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মধ্য আমেরিকার পানামা। ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত। কম্পনের পর সম্ভাব্য বিপদের আশঙ্কায় ইতিমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পানামায় প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল পিতালোজা আরিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। প্রথম কম্পনের পরপরই দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এটির মাত্রা ছিল ৬.৬। পানামার পাশাপাশি ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া ও গুয়াতেমালা-সহ একাধিক দেশে সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের জেরে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে পানামার পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলি খালি করার কাজ চলছে। পানামার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সমুদ্রে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ উঠতে পারে। কম্পনের পর থেকেই সাগর উত্তাল হয়ে উঠেছে বলে খবর। পাশাপাশি, পরপর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে বলে সূত্রের দাবি। পরিস্থিতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজের পাশাপাশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।