ওঙ্কার ডেস্ক: কলকাতার পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন দখলদার মুক্ত করা যায়নি রাজ্য সরকার সহযোগিতা না করার কারণে। এমনটাই জানালেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের করা একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানিয়েছেন।
অশ্বিনী বৈষ্ণব জানান, পার্ক সার্কাস স্টেশনে বেআইনি দখলদারিত্বের সমস্যা রয়েছে। হকারদের কারণে ফুটপাত বন্ধ হয়ে যাওয়া ও যাত্রী চলাচলে অসুবিধা হয়। এই গোটা বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত। রেল মন্ত্রী বলেন, ভারতীয় রেল নির্দিষ্ট সময় অন্তর পার্ক সার্কাস স্টেশনে দখলদার উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ায় এই উদ্যোগগুলি সফল হয়নি।
রেল মন্ত্রী আরও জানান, যাত্রী নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভারতীয় রেল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আরপিএফ-এর কর্মীরা ২৪ ঘণ্টা নিয়মিত মোতায়েন থাকে। নজরদারি চালানো হয় সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও। কোন স্টেশনে কত জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে, তা নির্ধারণ করা হয় স্টেশনে ঝুঁকির ভিত্তিতে। স্টেশনের পরিচ্ছন্নতা বিষয়ক প্রশ্নের উত্তরে রেল মন্ত্রী বলেন, স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলছে। রেল দফতর এই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, আবর্জনা ফেলার জন্য উপযুক্ত বিন বসানো, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি। তিনি এও বলেন, পরিচ্ছন্নতার মান উন্নত করার লক্ষ্যে রেল একাধিক পদক্ষেপ নিচ্ছে— যার মধ্যে রয়েছে প্রযুক্তির ব্যবহার, যাত্রীদের সচেতন করা, যন্ত্রচালিত পরিচ্ছন্ন ব্যবস্থা। এছাড়াও, ‘পে অ্যান্ড ইউজ’ পদ্ধতির শৌচাগার চালু করা হয়েছে।
