ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড জয়পুরের সরকারি হাসপাতালে। রবিবার গভীর রাতে সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারে অগ্নিকাণ্ডে কম করে ছয় জন গুরুতর রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আগুন থেকে রোগী মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে দুষছেন নিহতদের পরিবার। কর্মীরা সতর্কতা মেনে চলেনি বলে অভিযোগ মৃতদের পরিবারের।
এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডাক্তার অনুরাগ ধাকাড বলেন, স্টোরেজ এরিয়ায় আগুন লাগে। সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। সেই সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক পোস্ট করে মোদী লিখেছেন, ‘রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।’ তবে এই অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, আট জন রোগীর মৃত্যু হয়েছে বলে, তবে ধাকাড এবং হাসপাতালের সুপার সুশীল ভাটির দাবি, মৃতের সংখ্যা ছয়।
গোটা ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিহতরা হলেন সিকারের পিন্টু, জয়পুরের দিলীপ ও বাহাদুর, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী এবং খুরমা। ধাকাড বলেন, ‘নিহত ছয় জনের মধ্যে দুই মহিলা এবং চার জন পুরুষ।’ তিনি আরও বলেন, ‘অন্যান্য ১৪ রোগীকে একটি আলাদা আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
