ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে অসম সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ ফেব্রুয়ারি, শনিবার অসমের ডিব্রুগড় জেলায় তাঁর বিমান অতরণ করবে। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ওই দিন ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান একটি প্রদর্শনীতে সামিল হবে।
হিমন্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার সকালে নয়াদিল্লি থেকে চাবুয়া বিমান ঘাঁটিতে আসবেন। সেখান থেকে তিনি জেলার মোরান ইএলএফ- (Emergency Landing Facility) এ অবতরণ করবেন।’ এরপর ৩০ মিনিটের একটি এয়ারশো প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী, যেখানে প্রায় ১৬টি ভারতীয় যুদ্ধবিমান কসরতে সামিল হবে। অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাফায়েল, সুখোই এবং অন্যান্য ভারতীয় যুদ্ধবিমান প্রদর্শনীতে অংশ নেবে। এটিই হবে ইএলএফ-এর উপর এত বিস্তৃত মহড়া।’ তিনি বলেন, ভোটমুখী রাজ্যে সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী ইএলএফ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে উড়ে যাবেন। তিনি বলেন, ডিব্রুগড়-মোরান জাতীয় সড়ক প্রকল্পের আওতায় মোরান ইএলএফ তৈরি করা হয়েছে। বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোরান এবং ডেমোর মধ্যে জাতীয় সড়কের ৪.২ কিলোমিটার অংশে এটি তৈরি করা হয়েছে বলে জানান হিমন্ত।
গুয়াহাটিতে, মোদী ব্রহ্মপুত্র নদীর উপর একটি নতুন সেতু উদ্বোধন করবেন। লাচিত ঘাট থেকে গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি এআই-এনাবেলড হাইপারস্কেল ডেটা সেন্টারেরও উদ্বোধন করবেন মোদী। ওই দিন বিকেলে মোদী খানাপাড়া মাঠে ‘বিজেপি বুথ সম্মেলনে’ যোগ দেবেন। সেখানে প্রায় এক লক্ষ কর্মীর জমায়েত হবে বলে মনে করা হচ্ছে। গত তিন মাসের মধ্যে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় রাজ্য সফর। আগামী মার্চ-এপ্রিল মাসে অসমে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
