ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ ও ৩০ মে বাংলা, বিহার, সিকিম ও উত্তরপ্রদেশ এই চার রাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই সফর।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ২৯ মে প্রধানমন্ত্রী সিকিম সফর করবেন। সেখানে রাজ্যটির ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি সকাল ১১টা নাগাদ ‘সিকিম@৫০ হোয়্যার প্রগ্রেস মিটস পারপাজ অ্যান্ড নেচার নারচারস গ্রোথ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সিকিমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সিকিমের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করতে সিকিম সরকার ‘সুনৌলো, সমৃদ্ধ ও সমর্থ সিকিম’ থিমে সারা বছর নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী সিকিমে যে সমস্ত উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে নামচিতে ৭৫০ কোটি টাকার ৫০০ বেডের জেলা হাসপাতাল, গ্যালশিং জেলার পেল্লিং-এ সংগাছোলিংয়ে যাত্রীবাহী রোপওয়ে, এবং গ্যাংটকের সাংখোলায় ‘অটল অমৃত উদ্যান’-এ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি ইত্যাদি। সিকিমের রাজ্যত্ব প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক মুদ্রা, সুভেনির কয়েন ও ডাকটিকিটও প্রকাশ করবেন।
এর পর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১০১০ কোটি টাকা মূল্যের সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করবেন। প্রকল্পটি ২.৫ লক্ষের বেশি পরিবার, শতাধিক বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করবে।
২৯ মে প্রধানমন্ত্রী পাটনা বিমানবন্দরের ১২০০ কোটি টাকা মূল্যের নতুন যাত্রী টার্মিনাল উদ্বোধন করবেন এবং বিহতা বিমানবন্দরের ১৪১০ কোটি টাকা মূল্যের নতুন সিভিল এনক্লেভের শিলান্যাস করবেন।
২১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত উত্তরপ্রদেশের কানপুর মেট্রো রেল প্রকল্পের চুন্নিগঞ্জ থেকে কানপুর সেন্ট্রাল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি জিটি রোডের সম্প্রসারণের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী কানপুরে ৮৩০০ কোটির ৬৬০ মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন। ৯৩৩০ কোটির ঘাটমপুর থার্মাল পাওয়ার প্রকল্পের তিনটি ইউনিট উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।
