ভ্রম অথবা ভ্রমণ
বনশ্রী রায় দাস
কার নাটকীয় ধ্বনি জাগায় বিবমিষা
হয়তো এবার হলুদ খামে ইষ্টিকুটুম
দাঁতে কুটিকুটি করবে
বালিহাঁসের নিশিপদ্ম
চিত্রীণি স্তনে ঠোঁট রেখে কে ডাকে
উজাগর রাতের ফরিয়াদ
দেওয়ালে সেঁটে আছে সুদৃশ্য আলতামিরা
বাঘমুণ্ডির চড়াই উতরাই পেরিয়ে
পৌঁছে গেছি পরিচিত সুচেতনার ঘাসবুকে
যুবক বাঘের পাতা ফাঁদে পা রাখিনি
শেষ চুম্বনের পটচিত্রে আমি নাটোরের রানি
আমার সঙ্গে হাঁটতে পারো ঢেউ ছলচ্ছল পদ্মা
পেরোবে সোনাঝুরি সারি ?
যাবো অলকানন্দা —-