ছিপ
সুদীপ্ত মাজি
প্রতিটি রোববার জেলখানা
উড়ে উড়ে জঙ্গলে পালাই
এলিফ্যান্ট পয়েন্টের নিসর্গরেখায় গিয়ে বসি
পিপুল ও গামহারের পাশে সেলফি তুলি
একলা বাতাস ডাকে চুপিসারে মাটিগন্ধ মেখে
ইস্কুল পালানো হাওয়া
বিগতজন্মের ঘোরে প্রাণপণ চিৎকার করে
গ্রামার বইয়ের পাতা ভেসে যাচ্ছে দূর কোনও
দিগন্তরেখায়
দুঃখভরা নদী বইছে নদীর অদূরে , ঘোলা জলে
মাছ ধরবার ছলে স্মৃতি ধরছে গোটা চার
অন্ধ ছেলেপুলে