চাওয়া-পাওয়া
ঝুমা দাস
তোমার কাছে একমুঠো ভালোবাসা চেয়েছিলাম,
তুমি নদীর কূল ভাঙার গল্প শোনালে,
তোমার কাছে আশ্রয় চাইতেই খোলা আকাশকে মস্ত ছাদ বানালে,,
মুক্ত পাখির মতো খোলা অক্সিজেনে উড়তে চাইলে জড়ো করলে বিশুদ্ধ বাতাস,
আবদার করেছিলাম প্রেমের জোয়ারে ভাসবো,
তুমি উত্তাল সমুদ্রের এলোপাথাড়ি ঢেউ এর গল্প বললে,
নির্জন রাতের আকাশের তারা দেখার কথা বলতেই, তুমি মুঠো জোনাকি এনে দিলে,
সময়, অনন্ত সময়ের সাথে সব চাওয়া পাওয়ার আজ অবসান,
চার দেওয়ালের সিলিং এখন আমার খোলা আকাশ,
মেনে নেওয়া মানিয়ে নেওয়ার জীবন প্রতিকূল স্রোতে পাল তুলতেই কূল ভাঙার শব্দ,
বাঁচার তাগিদে খাঁচার ভিতর অচিন পাখি ছটফটিয়েই যোগাড় করে অক্সিজেন,
বেলা শেষে আজ, প্রেমের জোয়ারে লেগেছে ভাটার টান,
মাস্তুলে বাঁধা জাহাজের পালে বাজে রাগিনী মল্লার গান।
মুঠো জোনাকি, খুঁজে পাও কী রাজপুরীতে বসে ?
শান্ত নদীর ঢেউ, আছড়ে পড়ে কূলে পাড়ে এসে।