এসো নির্মাণ করি
লাকী চট্টরাজ
জীবন পথের অলিতে গলিতে
অস্ত্র রেখেছি শান দিয়ে,
নিজের জন্য, শুধু নিজের জন্য
কাঁচি দিয়ে কাটি ইচ্ছের ঘুড়ি,
স্বপ্নের মাথা কাটি ধারালো ছুরিতে,
আবার নতুন স্বপ্ন বুনি……
শাবল, গাঁইতি, কোদাল, হাতুড়ি
এসবেরও প্রয়োজন আছে বৈকি,
অতীত খুঁড়ে আনি সুপারি ভাঙা জাঁতি,
জেঠিমার পানের বাটা, বাবার পুজোর নামাবলী
মায়ের পছন্দের বেতের ফুলতোলা সাজি……
সাহিত্য বাসরে ঝরা পাতার শব্দরা করে খেলা,
মেঘের পরে বৃষ্টি আসে, তারপর রামধনু,
আবার নতুন ইচ্ছেডানা ওড়ে,
অস্ত্রগুলোর পরিচর্যায় মাতে মন……