অপরাহ্ন
সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়
আমিত্ব সাজাতে ধুয়ে গেছে ঠোঁট। আধো আঁধারে ফিরে গেছে পাখির দল। ডানায় যেসব প্রতিশ্রুতি আঁকা ছিল তা ধুইয়ে দিয়েছে বৃষ্টি।
এখন বারান্দায় জমে থাকে জল। গলে গেছে আঙুল ছাপ, প্রিয় মুখ। তবুও কাঁটা লতার মতো মায়ায় জড়িয়ে আছি পুরোনো অ্যালবাম। ধুসর হয়েছে ক্যালেন্ডার। প্রহর গুনছি এক দুই করে।
ব্যস্ত শহরের একপ্রান্তে এই ছোট্ট বাগান জুড়ে অপরাহ্ন আলো। বিছানায় আধখোলা বই । কেবল দ্বিতীয় পাতা ছুঁয়ে থাকে এক কিশোরী বয়স।