পরিবর্তন
অরূপ পান্তী
মনের অভ্যন্তরে একটি দিকশূন্য বিন্দু
এটি কি আগামীর কোন শুভ সাংকেতিক বিন্দু ?
যে বিন্দু লক্ষ্য করে জীবন এগিয়ে চলে।
জীবনও থেমে থাকে কখনো কখনো
তারপর একটি নিঃশব্দ ভাঙচুর
দেওয়ালে টাঙানো পুরানো ছবিখানি খুলে ফেলি।
কত গোপন আষাঢ়- শ্রাবণ মায়া ফেলে
নৌকা এগিয়ে চলে বৈঠা মেরে, দাঁড়ের শব্দ!
একটি শুচিশুদ্ধ মুখ, সুখ মায়ায় আলো জ্বলে।
মনে কর! ছোট্ট নয়নতারা এক পায়ে তার মল
আমার হৃদয় উঠানে পা ফেলে ঝুম ঝুম
শব্দের নাল বেয়ে পদ্মটি মাথা তোলে।
অজস্র ঢেউয়ের রোমাঞ্চে স্নেহ চুম্বনে অঞ্জলি
অন্তরআত্মা জেগে ওঠে আমার আমিতে
দু’হাতে সজোরে শ্যাওলার মত দুঃখ সরাই।
দিনশেষে জীর্ণ কুঠিরে ফিরে আসে পাখি
কমলা রোদ্দুর এর মত আলো করে ঘর
অন্তর্গত চাহিদা ভুলে সম্পর্কের গৈরিকীকরণ।
তুমি নিজস্ব মেঘ হয়ে রেখে দাও জলেচিহ্ন
মাথার কাছে ছোট্ট একুরিয়ামে দুটি রঙিন মাছ
জলজ পৃথিবীতে একত্র জীবন ও পৃথিবী ভ্রমণ ।