ছায়া – সবুজ
শ্রবণা ভট্টাচার্য
সবুজ আমায় দিয়েছিলে, ভালবাসি তাই,
গড়চন্ডী জঙ্গলে আসমান-জমিঢাকা আলো-আঁধারি সবুজ মায়ায়,
দ্বিধাহীন অমলতাস চারা তুলে দিলে বাগানবিলাসে।
আমার বাগানভরা সবুজেরা হাতছানি দেয় নি, ভ্রূ – ভঙ্গী করেনি,
তবু অমলতাস স্বেচ্ছায় ভাঙল
“ফুল তোলা নিষেধে”র বেড়া।
এখন অমলতাস বাগানে কল্কা ফোটায় আলোর স্রোতে,
তুমি বাঁচো অন্য পৃথিবীতে;
অন্ততঃ একটা নারীজন্ম পার হলে
বুঝবে কীভাবে নারী নিভৃতে বোনে সবুজ।