শব্দহীন চশমায় বিমূর্ত বাসর
শান্তময় গোস্বামী
কোনো গোপন আপেলগন্ধ আজ আর বাতাসে নেই,
অথচ ঠোঁটের কোণে লেগে আছে
প্লাস্টিক চুমুর আদিম অবশেষ।
মেঝেতে পড়ে আছে এক আখ্যানবিমুখ রক্তমাংসের শরীর
সিসিটিভি ক্যামেরা তার কোনো সুনির্দিষ্ট উত্তর রাখেনি।
সবাই মেটা সায়েন্সের জটিলতায় ঘুমিয়ে পড়েছে,
ফেলে দেওয়া ভাতের থালায় পিঁপড়েরা
খুঁজে পায় ঈশ্বরের নতুন ঠিকানা।
এখানে শব্দহীন চশমার কাঁচে কেবলই জমে থাকে
রেলকারখানার নীল ধোঁয়া, নরম রোদেলা গলিপথ
এসবই আজ মন্ত্রণাভবনে অবরুদ্ধ।
রিউমারের মতো ছড়িয়ে পড়ছে…
বিষণ্ণ বেকারত্বের মোবাইল নোটিফিকেশন,
তুমি আর আমি বসে আছি একই গণতন্ত্রে,
অথচ দূরত্ব কয়েক আলোকবর্ষ।
কোনো উৎসব তৈরি হয় না এখানে,
জ্বলে না কোনো মোমবাতি, কিছু ক্লান্ত পাসওয়ার্ড শুধু
আমাদের ঘুম ভাঙাতে এসে নিজেরাই ডিলিট হয়ে যায়।