ওঙ্কার ডেস্ক: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।শুক্রবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পতিদাহর জনক’ আখ্যা দেন। সেই সঙ্গে তিনি ইতিহাস বিকৃত করে বলেন, ‘সতীদাহর জনক রাজা রামমোহন রায়।’ অথচ ইতিহাসবিদরা জানিয়েছেন, সতীদাহ প্রথা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজা রামমোহন রায়।
গত ২১ জানুয়ারি হুড়ার লধুড়কার চন্ডেশ্বর ময়দানে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিপিএমের বহু কর্মী এখন দল বদলে বিজেপিতে ভিড়েছেন। এই প্রেক্ষিতে সাংসদ জ্যোতির্ময় এদিন বলেন, ‘দলবদলের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন? প্রথমে কংগ্রেস। পরে তৃণমূল গড়ে বিজেপির সঙ্গী হন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর হাতে পায়ে ধরে দলকে দাঁড় করিয়ে ফের কংগ্রেস জোটে গিয়েছেন।’
পাশাপাশি অভিষেক যে রিপোর্ট কার্ড নিয়ে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলুন। গোটা মন্ত্রী পরিষদকে বলুন আমি বসতে রাজি আছি। একদিন আগে জানিয়ে দেবেন। আগের রাতে পৌঁছে যাব। আমার তো হেলিকপ্টার নেই।’
