ওঙ্কার ডেস্ক: গত ২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে একটিতেও খাতা খুলতে পারেনি ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতার মসনদে বসেছেন নীতিশ কুমার। নির্বাচন মেটার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর এবার গত নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল জন সুরজ পার্টি। রাজ্যে নতুন করে ভোটের দাবি জানিয়েছে প্রশান্ত কিশোরের দল।
সূত্রের খবর, আগামী শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে। ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন জিতেছে এনডিএ জোট। ইন্ডিয়া ব্লক জয়ী হয়েছে মাত্র ৩৫টি আসনে, যার মধ্যে কংগ্রেস পেয়েছে ছয়টি আসন। শীর্ষ আদালতে জন সুরজ পার্টি তাদের আর্জিতে বলেছে, বিহারে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় মহিলাদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দিয়েছিল। যা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে।
সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় আবেদন করা হয়েছে, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে। রাজ্যের মহিলা ভোটারদের টাকা দেওয়া প্রসঙ্গে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারার আওতায় ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় বিহারে মহিলাদের ছোট ব্যবসা শুরুর জন্য এবং স্বনির্ভর করার লক্ষ্যে তাদেরকে ১০,০০০ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছিল।
