নতুন এসি, টিভি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করছেন? তাহলে পকেটে বাড়তি টাকা রাখুন। উৎসবের মরসুম শুরুর আগেই দাম বাড়তে চলেছে একাধিক ইলেকট্রনিক্স পণ্যের।
১ অক্টোবর থেকে এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো পণ্যের দাম বাড়াতে চলেছে বিভিন্ন সংস্থা। কোথাও ৩-৪ শতাংশ, কোথাও আবার ৮ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে। কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার দাম বাড়াচ্ছে সংস্থাগুলি। গত এক বছরে সব মিলিয়ে এই পণ্যগুলির দাম প্রায় ২৩ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, সেই খরচের একটা অংশই গ্রাহকদের উপর চাপানো হচ্ছে।
সবচেয়ে বেশি দাম বাড়তে পারে এসির। ১ অক্টোবর থেকে এয়ার কন্ডিশনারের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং এলইডি টিভির দাম বাড়তে পারে ৩ থেকে ৪ শতাংশ। ইতিমধ্যেই ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থা ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা নিশ্চিত করেছে। এলজি এবং বোশ হোম কমফোর্ট (হিটাচি) ইতিমধ্যেই তাদের এসির দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। প্যানাসনিক এখনও বিষয়টি পর্যালোচনা করছে।