নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদে যোগ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার আগেই শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করল পুলিশ। গুরুগ্রাম পুলিশ হিন্দুস্তান টাইমসকে আটকের খবর নিশ্চিত করেছে। অভিযোগ, তিনি পুলিশের নির্দেশ অমান্য করেছেন।
সিজেপির কর্মসূচিকে ঘিরে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। শুক্রবার রাত থেকেই রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল। সকাল থেকেই রাস্তায় রাস্তায় পুলিশ, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধাসেনাও। জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে চলছে মাইকিং। এই পরিস্থিতিতেই সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে ধ্রুবর বাড়িতে পৌঁছয় পুলিশ। সূত্রের দাবি, তাঁকে যন্তর মন্তরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তারপরই আটক করা হয়।
এদিকে, সকালেই মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। রাতেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, দিল্লিতে নামলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে এবং একাধিক ধারায় মামলা দেওয়া হতে পারে। তবে জেলকে তিনি ভয় পান না বলেও জানান। তাঁকে আটক করা হলেও আন্দোলন যাতে না থামে, সেই বার্তাও দিয়ে রেখেছেন দীপকে।
পুলিশ দিল্লির বিস্তীর্ণ অংশে ১৬৩ ধারা জারি করেছে এবং সিজেপির প্রতিবাদ কর্মসূচিকে অনুমতি দেয়নি। রাত থেকে সকালের মধ্যে বহু মানুষকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। সংবাদ সংস্থা পিটিআই ১৫০ জনকে আটকের খবর নিশ্চিত করলেও ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, সংখ্যাটা হাজারের বেশি। পাশাপাশি, জনপথ-কর্তব্যপথ সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনার নিয়োগের আইন বদলের দাবিতে শনিবার ‘যন্তর মন্তর ২.০’র ডাক দিয়েছে সিজেপি। পুলিশের এই কড়া পদক্ষেপকে কটাক্ষ করে দীপকের মন্তব্য, “নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। দেশের তরুণ প্রজন্মকে ভয় পেলে উনি এখনও প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন? মোদী-শাহ কি দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন?” তাঁর দাবি, মহাত্মা গাঁধীর দেখানো শান্তিপূর্ণ পথই তাঁদের আন্দোলনের হাতিয়ার।