নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রায়গঞ্জে এমস তৈরির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, শীঘ্রই এমস গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। সেই মতো রাতেই নবান্ন থেকে দিল্লিতে চিঠি গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। চিঠিতে তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গে এমস তৈরির জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করা হয়েছে। তার বিস্তারিত বিবরণ দ্রুত কেন্দ্রকে পাঠানো হবে।
মুখ্যসচিব চিঠিতে লিখেছেন, উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে এমস স্থাপনের প্রস্তাব দিচ্ছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠান গড়ে উঠলে শুধু উত্তরবঙ্গ নয়, পার্শ্ববর্তী উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামোও শক্তিশালী হবে। উন্নত চিকিৎসার জন্য রোগী ও তাঁর পরিবারকে আর দূরে যেতে হবে না। চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগও বাড়বে।
জমি পরিদর্শন-সহ প্রস্তুতিমূলক সব কাজে কেন্দ্রকে সহায়তা করবে রাজ্য, এমনটাও জানিয়েছেন মুখ্যসচিব। প্রস্তাবটি অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি।
এর আগে জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, রায়গঞ্জের দিকনগরে এমস তৈরির প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হবে। একই সঙ্গে জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সরকার সবার সঙ্গে আছে।
এদিন উত্তর দিনাজপুরে মোট ৩০টি কর্মসূচির উদ্বোধন এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করেন শুভেন্দু। তিনি জানান, আগামী দিনে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর চেহারা বদলে দেওয়া হবে। স্মার্ট স্কুল তৈরি হবে। ইতিমধ্যে দমকলের ছটি গাড়ি এসেছে, ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স আনার ব্যবস্থা হয়েছে। দ্রুত পরিষেবা চালু হবে।