ওঙ্কার ডেস্কঃ সাইবার জালিয়াতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালে। টাকার অঙ্ক প্রায় ৮.১০ কোটি। মানসিক অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন ওই প্রাক্তন আইপিএস।
পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, পাঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিং সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ১২ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটটি পাঞ্জাব পুলিশের ডিআইজিকে উদ্দেশ্য করে। যেখানে লেখা হয়েছে, সাইবার ক্রাইমের শিকারের কথা। জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে মানসিক অবসাদের কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যঞ্জত সংকটজনক।
উল্লেখ্য, পাঞ্জাব পুলিশের এই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে ২০১৫ সালে ফরিদকোটের বেহবলকালান এবং কোটকাপুরায় শিখদের জমায়েতে গুলি চালানোর অভিযোগ ছিল। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওই মামলায় চার্জশিট দেয় সিট। সেখানে অমর-সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তার নাম উল্লেখ ছিল।
