ওঙ্কার ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে হুমকি বার্তা ঘিরে তৈরি হওয়া আতঙ্ক এবার প্রভাব ফেলল দিঘাতেও। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এখানে কোনও নির্দিষ্ট হুমকি মেলেনি, তবু সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে অচেনা হস্তাক্ষরে লেখা একটি বার্তা পাওয়া যায়, যেখানে উল্লেখ ছিল “পুরীর মন্দির উড়িয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। প্রস্তুত থাকুন”। বার্তাটি সামনে আসতেই নড়েচড়ে বসে গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গেই বাড়ানো হয় পুরীর মন্দিরের নিরাপত্তা, মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।
এই ঘটনার পরই নরেচরে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। দিঘার জগন্নাথ মন্দিরে বুধবার দুপুর থেকে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে, মন্দিরে ঢোকার সময়ে পর্যটকদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। প্রতিটি সন্দেহজনক গতিবিধি খুঁটিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিঘায় নির্মিত হয়েছে এই জগন্নাথ মন্দির। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। তবে পুরীর ঘটনার পর দিঘার এই মন্দির নিয়েও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। তবে গাফিলতির সুযোগ দেওয়া হবে না। সর্বক্ষণ সতর্ক রয়েছে প্রশাসন।
