ওঙ্কার ডেস্ক : নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন ও দিল্লি পুতিনের ভারত সফর নিশ্চিত করেছে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর তিনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তেল ইস্যুতে ভারত আমেরিকার সংঘাতের মধ্যে পুতিনের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও তেল পরিশোধন সংস্থাগুলি জানিয়েছে, ভারতের রাশিয়ান তেল আমদানি ডিসেম্বরে কমপক্ষে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছোতে চলেছে। অথচ নভেম্বরেই সাম্প্রতিক বহু মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। এই মন্দার জন্য দায়ী করা হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞাকে।
ক্রেমলিন জানিয়েছে, ভারত সফরে রুশ প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন। এই সফরে দু দেশের মধ্যে বেশ কয়েকটি অনির্দিষ্ট আন্তঃসরকারি এবং বাণিজ্যিক নথি স্বাক্ষরিত হবে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, “এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে দু দেশের সহায়ক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ভারত- রাশিয়ার সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।” এতে বলা হয়েছে,দ্বিপাক্ষিক আলোচনায় রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ডিসেম্বরে পুতিন ভারতে এসেছিলেন। তাঁর ওই ভারত সফর ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার কয়েক মাস আগে।
