নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটা মোড় এলাকায় সরকারি রাস্তার উপর বিশাল প্যান্ডেল করে ব্যবসা চালানোর অভিযোগ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বাটানগর বাটা মোড় সংলগ্ন বজবজ ট্রাঙ্ক রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে।
অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ মেইন রোডের উপর প্রায় ৩০ ফুট চওড়া এবং ৬০ ফুট লম্বা জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করে চলছে তিন দিনের পূজার মার্কেট। শুধু তাই নয়, প্যান্ডেল তৈরির জন্য সরকারি রাস্তা খোঁড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত সপ্তাহে মার্কেট চলার পরও প্যান্ডেলটি পুরোপুরি খুলে ফেলা হয়নি। এরপর সোমবার সন্ধ্যা থেকে ফের শুরু হয়েছে তিন দিনের মার্কেট। ফলে ব্যস্ত বজবজ ট্রাঙ্ক রোডের উপর এইভাবে অস্থায়ী বাজার বসানো নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ ও প্রশ্ন।
সবচেয়ে বড় প্রশ্ন—সরকারি রাস্তার উপর এত বড় প্যান্ডেল তৈরি করে ব্যবসা করার অনুমতি দিল কে? রাস্তা খোঁড়ার অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে। সরকারি রাস্তা বা পুরসভার সম্পত্তিতে অনুমতি ছাড়া খোঁড়াখুঁড়ি বা দখলের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে। পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দফতরের ।
এদিকে, ব্যস্ত রাস্তার উপর প্যান্ডেল ও মার্কেট বসায় যান চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে । কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে কে ? রাজ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার জোর দেওয়া হলেও, বাটানগরের মতো ব্যস্ত সংযোগস্থলে কীভাবে দিনের পর দিন সরকারি রাস্তার উপর এই ব্যবসা চলছে, তা নিয়েও প্রশ্ন।