নিজস্ব প্রতিনিধি, আসানসোল : জেলা প্রশাসনের নির্দেশে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে সীমান্ত এলাকায় চেকনাকা বসিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশকারী প্রতিটি যানবাহনে সঘন তল্লাশি চালানো হচ্ছে।
তল্লাশির সময় গাড়ির পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র, ইনস্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট-সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাড়ির কাগজপত্র ভুয়ো, ভুল বা অসম্পূর্ণ পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই বিশেষ তল্লাশি অভিযান প্রসঙ্গে নিরসার এসডিপিও লিলেশ্বর মাহাতো জানান, ঊর্ধ্বতন আধিকারিক এবং জেলা প্রশাসনের নির্দেশেই সীমান্তে এই চেকনাকা বসানো হয়েছে। তিনি বলেন, তল্লাশির সময় কোনও গাড়ির নথিপত্রে গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়িটিকে পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, এই বিশেষ তল্লাশি অভিযান আগামী দিনগুলিতেও ধারাবাহিকভাবে চলবে। সীমান্তে পুলিশের কড়া নজরদারির জেরে অনিয়ম করে যাতায়াতকারী যানবাহনের চালকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।