ওঙ্কার ডেস্ক: নিজের দুই মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি রাজস্থানের জোধপুরের। দু জনের মধ্যে এক জনকে দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় এক জন দিনমজুর। এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ নির্যাতিতা দুই বোনের বয়ান রেকর্ড করেছে। সেই সঙ্গে মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে তাঁদের। অভিযোগটি সামনে আসে, অভিযুক্তের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হেনস্থা করার পর। মেয়েটি তার দিদিকে বিষয়টি জানালে সে জানায়, তাকেও ১২ বছরেরও বেশি সময় ধরে নির্যাতন করছে ওই গুণধর বাবা।
পুলিশ জানিয়েছে, যখন বড় মেয়ের বয়স মাত্র ছয় বছর ছিল তখন থেকেই তার বাবা তাকে এই নির্যাতন শুরু করেছিল। শুধু তাই নয় ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল বলেও অভিযোগ। তার পর থেকে থেকে সে ক্রমাগত তাকে যৌন নির্যাতন করে আসছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত মেয়েদেরকে খুনের হুমকি দিয়ে চুপ করিয়ে রাখত। বিষয়টি তার মা বা অন্য কোনও আত্মীয়কে বলতে নিষেধ করত সে।
বাবার কাছ থেকে এই হুমকি পেয়ে মেয়েটি চুপ ছিল। প্রায় ১২ বছর ধরে তাকে নির্যাতন করা হচ্ছে। মাত্র এক মাস আগেও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি দুই বোন মিলে তাদের মাকে জানায়। ঘটনা জানার পর তাদের মা তার স্বামীকে জিজ্ঞেস করলে তীব্র বাদানুবাদ শুরু হয়। এর পর বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের ভয়ে অভিযুক্ত তিন দিন আগেই গা ঢাকা দিয়েছিল। বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। খোঁজাখুঁজির পর অবশেষে অভিযুক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন
-সহ পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
