মঙ্গলবার বহরমপুর-রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে ১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৯২৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৬১৬ জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে, যার মধ্যে ৩৩টি অক্সিলিয়ারি বুথ। এর মধ্যে দুটি বুথ সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত হবে এবং একটি বুথকে মডেল বুথ হিসাবে সাজানো হয়েছে। ভোটগ্রহণ হবে ইভিএম-এ। নিরাপত্তার জন্য ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সঙ্গে থাকছে ৮১৯ জন রাজ্য পুলিশ।
আজ, সোমবার সকাল থেকেই বহরমপুর গার্লস কলেজে খোলা হয়েছে ডিসিআরসি কেন্দ্র। সেখান থেকে প্রায় ২ হাজার ভোটকর্মীকে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক ভোটকর্মী বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার অনেক নতুন ভোটকর্মীরও হাতেখড়ি হচ্ছে এই উপনির্বাচনের মাধ্যমে। যদিও ভোটকর্মীরা জানাচ্ছেন, উপনির্বাচন বলে তাঁদের মধ্যে কোনও আতঙ্ক নেই, তাঁরা নির্বিঘ্নেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।