ওঙ্কার ডেস্ক: রাজ্যে নিয়োগের বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বিভিন্ন পদে এক লক্ষ নিয়োঘবে বলে জানালেন তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসিও ফাংশন করছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিলেন। আমাদের খুলতে হয়েছে৷ দেবীপক্ষে ১১ তারিখে পুলিশের প্রথম ব্যাচকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেব। সরকারি চাকরিতে ১ লাখ নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ১৪৪৫৪ নিয়োগ হবে। পুলিশ কুইক রেসপন্স টিমকে ৪০০ বাইক দেওয়া হবে।’
নবান্ন সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং স্কুলশিক্ষা দফতরের নিয়োগও এই বিষয়ের মধ্যে রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকারের ৫৪টি দফতরের মাধ্যমে মোট এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে। পুজোর আগেই পুলিশে চাকরির প্রথম ধাপের নিয়োগপত্র দেওয়ার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, কলকাতা পুলিশে চার হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। এ ছাড়াও রাজ্যে পৃথক আয়ুষ দফতর তৈরির বিষয়েও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে খবর। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি-সহ বিভিন্ন ভারতীয় চিকিৎসা পদ্ধতিকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। নতুন বিশ্ববিদ্যালয় এবং আয়ুষ দফতর গঠনের কাজও এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়া রাজ্য সরকার।