নিজস্ব প্রতিনিধি, নদিয়া: অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় যুবককে অক্ষত অবস্থায় দেশে ফেরাল বিএসএফ। শনিবার গভীর রাতে নদিয়ার হোগলবেড়িয়া সীমান্ত থেকে উদ্ধার করা হয় কাজল ঘোষ নামে ওই যুবককে। এই ঘটনায় আয়াডাঙ্গা ও নাসিরেরপাড়া সীমান্তে তীব্র উত্তেজনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। আয়াডাঙ্গা সীমান্তের ১৫২/১০-এস পিলার সংলগ্ন এলাকায় চোরাচালান রুখতে গিয়ে বিএসএফ গুলি চালালে বাংলাদেশের দৌলতপুরের সাহাজুল নামে এক ব্যক্তি আহত হন। বিজিবির বিরুদ্ধেও পাল্টা গুলির অভিযোগ ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে নতুন করে অশান্তি।
কৃষকদের অভিযোগ, শনিবার বেলা ১০টা নাগাদ তাঁরা কাঁটাতারের ওপারে চাষের জমিতে কাজ করতে গেলে বাংলাদেশি দুষ্কৃতীরা চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হয় বিদ্বান বিশ্বাস নামে এক ভারতীয় চাষিকে। অন্য চাষিরা তাঁকে উদ্ধার করে বিএসএফের অ্যাম্বুল্যান্সে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেই সময়ই কাজল ঘোষকে অপহরণ করে ওপারে নিয়ে যাওয়া হয়। খবর, তাঁকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।
খবর পেয়েই তৎপর হয় নাসিরেরপাড়া ক্যাম্পের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ও হোগলবেড়িয়া থানার পুলিশ। দ্রুত বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। চাপের মুখে শনিবার রাত ১২টা নাগাদ কাজলকে ছেড়ে দেওয়া হয়। রাতেই পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনা। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন কৃষকরা। তাঁদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান করিমপুরের বিধায়ক। তিনি কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।