ওঙ্কার ডেস্ক: নিরামিষাশী গ্রাহককে বিরিয়ানি পরিবেশন করার অভিযোগ, আর তার জেরে রেস্তোরাঁর মালিককে গুলি করে খুন করা হল। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রেস্তোরাঁ মালিকের বয়স ৪৭ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত হোটেল মালিকের নাম বিজয় কুমার নাগ (৪৭)। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ কাঁকে-পিথোরিয়া রোডে অবস্থিত হোটেলটিতে আসেন এক জন গ্রাহক। তিনি নিরামিষ বিরিয়ানি চেয়েছিলেন। অভিযোগ, এর পরে পার্সেলটি নিয়ে চলে যায় সে। তার কিছু ক্ষণ পর আবার ফিরে আসে অভিযুক্ত। কয়েক জনকে সঙ্গে নিয়ে হোটেলে এসে অভিযোগ করে, তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) প্রবীণ পুষ্কর জানিয়েছেন, বিজয় কুমার নাগ কাঁকে থানা এলাকার ভিট্টার বাসিন্দা। ঘটনার সময় তিনি একটি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। অভিযোগ, তখন এক জন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি করে। বিজয়ের বুকে গুলি লাগে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে ঘটনার অনুসন্ধানে নেমে মৃতদেহ রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস) -এ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। কাঁকে থানার ওসি প্রকাশ রজক বলেন, ‘রবিবার সকালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কিছুক্ষণের জন্য কাঁকে-পিথোরিয়া রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। হামলাকারীদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।’ তিনি বলেন, ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
