ওঙ্কার ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্রীর রহস্যমৃত্যু। যদিও পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, তাঁকে খুন করা হয়েছে। আর এই গোটা ঘটনার পিছনে নিহত ছাত্রীর প্রেমিক রয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অনিন্দিতা সরেন (২৪)। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা তিনি।
নিহতের পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অনিন্দিতা। সেই যুবক পুরুলিয়ার বাসিন্দা। তিনিও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া। অভিযোগ, অনিন্দিতার সঙ্গে ওই যুবক পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেন। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অনিন্দিতা। ছাত্রীর পরিবার সে কথা জানার পর ওই যুবকের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে করে নেওয়ার পরামর্শ দেয়। পরিবারের দাবি, অনিন্দিতা তাতে রাজি হন। কিন্তু প্রেমিককে সে কথা বলতে তিনি বেঁকে বসেন। অভিযোগ, ওই যুবক অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। তার পর থেকে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এই আবহে সম্প্রতি অনিন্দিতা মালদহে যান প্রেমিকের সঙ্গে দেখা করতে। সেখানে একটি হোটেলে ওঠেন তাঁরা।
পরিবারের দাবি, শুক্রবার সকালে অনিন্দিতার পরিবারের কাছে ফোন আসে। বলা হয়, তাঁদের মেয়ে অসুস্থ হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যদিও বাড়ির লোক হাসপাতালে গিয়ে জানতে পারেন অনিন্দিতার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তার প্রেমিকের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
