ওঙ্কার ডেস্ক: মালদহের রতুয়া থানার সামসি মতিগঞ্জ সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সামসি এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহানের। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা।
পুলিশ সূত্রে খবর, মৃত দুই ছাত্রের বাড়ি পুখুরিয়া থানার অন্তর্গত শ্রীপুরের বল্লভপুর গ্রামে। বুধবার সকালে তারা দু’জনেই বাইকে চেপে পরীক্ষাকেন্দ্র রতুয়া হাইস্কুলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হল না। স্থানীয়দের বয়ান অনুযায়ী, মতিগঞ্জ এলাকায় পৌঁছতেই রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাদের বাইকে। প্রচণ্ড আঘাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায় দুই ছাত্র। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দুই মেধাবী পরীক্ষার্থীর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। শোকে স্তব্ধ তাদের পরিবার।
গ্রামবাসীর অভিযোগ, বহু বছর ধরেই ওই রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল চলছে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। স্থানীয়দের ক্ষোভ, যদি আগে ব্যবস্থা নেওয়া হত, তবে হয়তো এমন দুই প্রাণের মৃত্যু এড়ানো যেত।
এদিকে ঘটনার পরই পিকআপ ভ্যানটি এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ ভ্যানটির খোঁজে তল্লাশি শুরু করেছে। সামসি ফাঁড়ির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠিয়েছে।
