ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পাকিস্তানের পণ্যে ভারতের তুলনায় কম শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যে চড়া হারে ওয়াশিংটন শুল্ক চাপানোয় শুরু হয়েছে জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের বন্ধু হিসেবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে পরিচিত। সেই বন্ধুদেশের উপর এমন শুল্ক চাপানোয় তাই বিস্মিত হয়েছেন অনেকে।
হোয়াইট হাউস সূত্রে খবর, রাশিয়া থেকে ভারত যে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস কেনে, তা নিয়ে নয়াদিল্লির উপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানিয়েছেন, বিশ্ব বাণিজ্য মহলে ভারত আমাদের বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু বিদেশনীতি অনুযায়ী, কারও সঙ্গে ১০০ শতাংশ সময়ে সমন্বয় রক্ষা করে চলা যায় না। তিনি আরও বলেন, ভারতে জ্বালানির চাহিদা কম নেই। তারা রাশিয়ার কাছ থেকে অনেক দামে খনিজ তেল, কয়লা, গ্যাস কেনে। ওদের উপর বিধিনিষেধ চাপানোর কারণে ওরা দাম কমিয়েছে। তাঁর দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে যেহেতু বেশি পরিমাণে তেল কেনে তাই এই বিষয়টি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। এ ছাড়া বাণিজ্যচুক্তি নিয়ে ভারত খুব ধীরে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট চাইছেন দ্রুত শুল্ক চূড়ান্ত করতে। শুধু তাই নয় ব্রিকস-এর সদস্য হওয়ায় ভারতের উপর অসন্তুষ্ট ট্রাম্প।
উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প যে তালিকা প্রকাশ করেছেন, তাতে ভারতের পণ্যে ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন তিনি। এ ছাড়া ব্রাজিলের ওপর ১০, মালয়েশিয়ার ওপর ১৯, ইন্দোনেশিয়ার ওপর ১৯, ময়ানমারের ওপর ৪০, ফিলিপাইনের ওপর ১৯, শ্রীলঙ্কার ওপর ২০ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
