স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন্সি নিয়ে খুললেন সচিন তেন্ডুলকার। তার চোখে সেরা অধিনায়ক কে একইসঙ্গে ভারতের ক্যাপ্টেন্সি কেন ছাড়েন সেই নিয়েও সচিন কথা বলেন। সম্প্রতি মুম্বাইয়ে এক প্রশ্নোত্তর পর্বে সচিনকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা কেমন ছিল, তেম্বা বাভুমার নেতৃত্ব সম্পর্কে তাঁর মত কী এবং ব্যক্তিগতভাবে তাঁর প্রিয় অধিনায়ক কে।
জবাবে সচিনবলেন, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল। তবে সবসময় নিজের পছন্দমতো দল বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আমার ছিল না। নয়ের দশকের তুলনায় বর্তমানে বিসিসিআই অনেক বেশি পেশাদার সংগঠন। সেই সময় ভারতীয় ক্রিকেটও একটা কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে গিয়েছে। আমি তেম্বা বাভুমার মানসিকতার সত্যিই প্রশংসা করি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে বেশ কিছু দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার কোনও আইসিসি ট্রফি জয় বিশ্ব ক্রিকেটের জন্যও দারুণ বিষয়।’
এরপর নিজের প্রিয় অধিনায়কদের বেছে নেন কিংবদন্তি। সচিনের পছন্দের তালিকায় শীর্ষে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি। এই প্রসঙ্গে মাস্টার ব্লাস্টার বলেন, ‘আমার প্রিয় অধিনায়কদের কথা বললে সৌরভ গাঙ্গুলি এবং এমএস ধোনি অবশ্যই তালিকার একেবারে ওপরে থাকবে।’
১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে দুই দফায় ভারতকে ২৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন সচিনন। তাঁর অধিনায়কত্বের সময় ভারতীয় ক্রিকেট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। ২০০০ সালের মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ২০০৭ সালে তাঁকে ফের টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও, সচিন সেটা প্রত্যাখ্যান করেন।