ওঙ্কার ডেস্ক: রণক্ষেত্র সল্টলেক। দুর্ঘটনায় এক ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সাধারণ মানুষের। বুধবার পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এদিন কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। ধাক্কা মারার পর সেটিতে বিস্ফোরণ ঘটে। সেই গাড়ি ও রেলিং এর মাঝে কোনও ভাবে আটকে পড়েছিল ডেলিভারি বয় ওই বাইক আরোহী। সেই বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যা ফও। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বিক্ষোভরত জনতা। বেশ কিছু ক্ষণ ধরে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান চার চাকা গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের বের করে আনা সম্ভব হয়েছে। তবে ডেলিভারি বয় ওই যুবককে উদ্ধার করা যায়নি। গাড়ির আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
অন্য দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। পুলিশ কিছু না করে ভিডিয়ো করছিল বলে অভিযোগ করেন এক প্রত্যক্ষদর্শী।
