ওঙ্কার ডেস্ক: টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের মাঝেও স্বস্তি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ইউনিয়ন। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা করেছে এসবিআই। ধর্মঘট চলাকালীন এটিএম লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ মকুব করার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
এসবিআই এর তরফে জানানো হয়েছে, গ্রাহকেরা ওই তিন দিন যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে নগদ তুলতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও ফি দিতে হবে না।
সাধারণ নিয়মে মাসিক বিনামূল্যে লেনদেনের নির্দিষ্ট সীমা রয়েছে। কিন্তু ধর্মঘটের সময়ে সেই সীমা পেরিয়ে এটিএম থেকে টাকা তুললেও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। শুধু এটিএম নয়। ব্যাঙ্কের শাখাগুলির পরিষেবা ব্যাহত হলেও ডিজিটাল পরিষেবা সচল থাকবে। ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মাধ্যমে স্বাভাবিক লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। তবে শাখায় গিয়ে করতে হয় এমন জরুরি কাজ আগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চেক জমা, ডিমান্ড ড্রাফট এবং ঋণ সংক্রান্ত কাজ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলি। সেই দাবিতেই ফের তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে এক দিনের ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ক কর্মীরা। এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।