ওঙ্কার ডেস্ক: রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে বদলি করা হল। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তা রয়েছেন। শুক্রবার বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিকদের বিভিন্ন পদে পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদব যাচ্ছেন রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি করা হয়েছে। বদলির তালিকায় কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নাম রয়েছে আইপিএস সুধীরকুমার নীলকান্তমের। এত দিন তিনি এসটিএফ-এর আইজিপি পদে ছিলেন।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নতুন যুগ্ম কমিশনার হচ্ছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। এর আগে তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা এত দিন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে ছিলেন। তাঁকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) করা হয়েছে। আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি পদে পাঠানো হয়েছে। তিনি আগে এসসিআরবি-র আইজিপি ছিলেন।