ওঙ্কার ডেস্ক: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় শিবির নিয়ে তদন্ত আরও এক ধাপ এগোল। এ বার সরকারি চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মঙ্গলবার ১৫ জন চিকিৎসককে তলব করা হয়েছে। তলবের তালিকায় কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের নাম রয়েছে বলে জানা গিয়েছে। রয়েছেন শান্তনু সেন-ঘনিষ্ঠ চিকিৎসক অনির্বাণ দলুইও। মহম্মদ মিরাজউদ্দিন-সহ আরও কয়েক জন চিকিৎসককে ডাকা হয়েছে।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, সেবাশ্রয় শিবিরে সরকারি চিকিৎসকেরা কী ভাবে যুক্ত হয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, সেটিও তদন্তের অন্যতম বিষয়। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত জুলাইয়ে সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করেছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। এরপর বিধানসভায় এই প্রকল্প নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেবাশ্রয়কে ‘বড় মাপের কেলেঙ্কারি’ বলে অভিযোগ করেন। এর পরেই সেবাশ্রয় শিবিরের পরিচালন পদ্ধতি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন। কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে। কমিটিতে আরও রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। সদস্য হিসেবে আছেন রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব প্রভাস উকিল। স্বাস্থ্য দফতরের ল’সেলের যুগ্মসচিব রাজা রায়কেও কমিটিতে রাখা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তদন্তের পরিধি আরও বড়। সব মিলিয়ে অন্তত ১৩০ জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। সেবাশ্রয় শিবিরে যাওয়া সরকারি চিকিৎসকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না, তা যাচাই করা হবে। অনুমতি নেওয়া হয়ে থাকলে তা কে দিয়েছিলেন, সেটি খতিয়ে দেখবে তদন্ত কমিটি। শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি করা চিকিৎসকদের প্রশিক্ষণ ছিল কি না, তা-ও যাচাই করা হবে। তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, আয়ুষের চিকিৎসক হয়েও কেউ আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রেসক্রিপশন দিয়েছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।