অর্পিতা মুখার্জী, কলকাতা: নগ্ন ছবির লোভে দেশের সবচেয়ে গোপন সামরিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাবি, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল ওই অফিসারের। বিনিময়ে তিনি পাঠিয়েছেন বায়ুসেনার গোপন যুদ্ধ পরিকল্পনা, ড্রোন ইউনিটের ক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েনের তথ্য, সামরিক মহড়ার বিবরণ এবং স্পর্শকাতর ঘাঁটির অবস্থান।
অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের হওয়া মামলায় গত পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন ওই অফিসার। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের মতে, এই তথ্য ফাঁস দেশের সামরিক প্রস্তুতি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে পাক এজেন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল ওই উইং কমান্ডারের। এই সময়ে তিনি একাধিক গোপন সামরিক তথ্য পাঠিয়েছেন। এরপর ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নিয়ে ঢোকার সময় তাঁকে আটক করে তল্লাশি করা হয়। এরপরই সামনে আসে পুরো বিষয়টি।
চার্জশিটে বলা হয়েছে, পাক এজেন্ট প্রথমে ওই অফিসারকে একটি নগ্ন ছবি পাঠায়। জবাবে অফিসার পাঠিয়ে দেন বায়ুসেনার গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পাতা। পুলিশের অভিযোগ, অফিসার নাকি এমন প্রস্তাবও দিয়েছিলেন, প্রতিটি নগ্ন ছবির বদলে তিনি যুদ্ধ পরিকল্পনার এক একটি পাতা দেবেন।
চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত অফিসার পাক এজেন্টকে বায়ুসেনার একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এর মধ্যে ছিল ওই ইউনিটের সদস্য সংখ্যা, সাংগঠনিক কাঠামো, কাজের পদ্ধতি, ড্রোনের ট্রায়াল, উড়ানের ক্ষমতা, কতক্ষণ আকাশে থাকতে পারে এবং অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার ব্যবস্থা।
পুলিশের আরও দাবি, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ওই ড্রোন ইউনিট কোথায় কোথায় মোতায়েন করা হতে পারে, সেই সম্ভাব্য জায়গাগুলির কথাও জানিয়ে দেওয়া হয়। শত্রুপক্ষের কাছে এই তথ্য অত্যন্ত মূল্যবান, কারণ এর থেকে ভারতীয় সেনা ও বায়ুসেনার প্রস্তুতি এবং কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এছাড়া লেহ-তে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য, রাজস্থানের সুরাতগড়ে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে হওয়া সামরিক মহড়ার বিবরণও পাঠানো হয়েছে বলে অভিযোগ। স্পর্শকাতর সামরিক ঘাঁটির অবস্থান এবং যুদ্ধের সময় সেনা মোতায়েনের তথ্যও ফাঁস করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল, পাক এজেন্ট অভিযুক্তকে বিভিন্ন অ্যাপ ও লিঙ্ক পাঠিয়েছিল, যাতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছিল। এইসব দিয়ে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে থাকা গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছে পুলিশ। চার্জশিটে দাবি করা হয়েছে, অভিযুক্ত তাঁর অধীনে কর্মরত পাঁচজন অফিসারের ইলেকট্রনিক যন্ত্রে ওই ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করিয়ে দিয়েছিলেন। পুলিশের সন্দেহ, তাঁদের যন্ত্রে থাকা গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্য হাতাতেই এই চেষ্টা করা হয়েছিল।
অর্থাৎ, পুলিশের অভিযোগ, ওই অফিসার শুধু নিজে তথ্য ফাঁস করেননি, অধস্তনদের যন্ত্র ব্যবহার করে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টাও করেছেন।
চার্জশিটে দু’জনের মধ্যে হওয়া যোগাযোগের ডিজিটাল তথ্য তুলে ধরেছে দিল্লি পুলিশ। হোয়াটসঅ্যাপের তথ্য খতিয়ে দেখে পাওয়া গিয়েছে, দু’জনের মধ্যে ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছ’টি ইউআরএল আদান-প্রদান হয়েছে। এই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ এখন খতিয়ে দেখছে, ঠিক কতটা গোপন তথ্য পাচার হয়েছে এবং এই ষড়যন্ত্রে আর কেউ জড়িত ছিল কি না।