অর্পিতা মুখার্জী, কলকাতা: পুলিশ হেফাজতে স্বামীর প্রাণ নিয়ে তীব্র আতঙ্কে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ। হেফাজতে সুমিতের শারীরিক ও মানসিক নির্যাতন চলছে এবং ভুয়ো এনকাউন্টারে তাঁকে মেরে ফেলা হতে পারে, এই অভিযোগ নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের কাছে।
সূত্রের খবর, এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকে কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে তারা।
গত ১৩ নভেম্বর কমিশনের সামনে অভিযোগ পেশ করেন সুস্মিতা। তাঁর দাবি, নির্ভরযোগ্য সূত্রে তিনি জেনেছেন, শিগগিরই অন্য কোনও নতুন ফৌজদারি মামলায় সুমিতকে ফের পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে হেফাজতে কয়েকটি এনকাউন্টারে মৃত্যুর ঘটনা তাঁর আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, মিথ্যে এনকাউন্টারের গল্প সাজিয়ে তাঁর স্বামীকেও খুন করা হতে পারে।
কমিশনের নথি অনুযায়ী, হেফাজতে সুমিতের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সুমিত স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন। নিয়ম মেনে ঘুমের জন্য তাঁকে সি-প্যাপ মেশিন ব্যবহার করতে হয়। অভিযোগ, সেই চিকিৎসার সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। বন্দুক দেখিয়ে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সুস্মিতা আরও জানিয়েছেন, রাতে তদন্তের নাম করে সুমিতকে কথিত অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়। তাঁর আশঙ্কা, এই ধরনের প্রক্রিয়ার সুযোগ নিয়ে যে কোনও সময় এনকাউন্টার বলে তাঁর স্বামীকে মেরে ফেলা হতে পারে।
সুস্মিতার অভিযোগগুলির বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করেছে কমিশন। তাদের বক্তব্য, কোনও সরকারি কর্তৃপক্ষ আইনের শাসনের বাইরে গিয়ে কাজ করছে, এই ধারণা যেন সাধারণ মানুষ বা অভিযুক্তের পরিবারের মনে না জন্মায়। পুলিশ আইন মেনে দায়িত্ব পালন করতে পারে, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে পরিবারের সদস্যদের মনে গুরুতর মানসিক প্রভাব পড়ে।
এই প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় একই বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন (প্রসিডিউর) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ১৪-এর ক্ষমতা প্রয়োগ করে ডায়মন্ড হারবারের এসপিকে নির্দেশ দিয়ে জানান হয়েছে,
– সুমিত রায়ের তদন্ত প্রক্রিয়ার উপর কঠোর নজরদারি রাখতে হবে, যাতে তা সম্পূর্ণ আইন মেনে এবং মানবাধিকার বজায় রেখে চলে।
– তদন্ত কোনওভাবেই অমানবিক হবে না। ধৃতের প্রতি কোনও অবমাননা বা তাঁর স্বাস্থ্যের কোনও ক্ষতি করা যাবে না।
– এমন কোনও কাজ করা যাবে না, যাতে পরিবারের মনে আশঙ্কা তৈরি হয় যে হেফাজতে ধৃতের উপর শারীরিক বা মানসিক নির্যাতন চলছে কিংবা তাঁর জীবন বিপন্ন।
নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসপিকে। তা না হলে বেঞ্চ নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে স্পষ্ট করে দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিতের স্ত্রী। কিন্তু দ্রুত ও জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দেয়, এটি বিশেষ আর্জির ভিত্তিতে দ্রুত শোনা হবে না। মামলাটি নিয়মিত শুনানির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ফলে সুমিত ও তাঁর পরিবারের তাৎক্ষণিক আইনি সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। আইনজীবী মহলের মতে, এই আবেদনের পিছনে শালবনি জমি দুর্নীতি মামলার সাম্প্রতিক ঘটনাক্রম গুরুত্বপূর্ণ। ওই মামলায় সুমিত রায়ের জামিনের আবেদন আদালতে খারিজ হয়ে যায়। এর পরই তাঁর স্ত্রী উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, রাজ্য পুলিশের হেফাজতে বা অভিযানে তাঁর স্বামীর ভুয়ো এনকাউন্টার ঘটানো হতে পারে।
এর আগে সুস্মিতা দাবি করেছিলেন, তাঁর স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসাতেই গল্প সাজিয়েছে পুলিশ। পুরো ঘটনার সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সুমিতকে গ্রেফতার করার পর পুলিশি হেফাজতে তাঁর উপর নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন। তাঁর দাবি, জোর করে এবং মারধর করে সুমিতের থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।