গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা: পুজো মিটে গিয়েছে। প্রতিমা বিসর্জনও হয়ে গিয়েছে। কিন্তু বিচিত্রানুষ্ঠান নিয়ে পুরনো ঝামেলা মেটেনি। তার জেরেই এবার রক্ত ঝরল ক্যানিংয়ের তালদিতে। লোহার রড দিয়ে মাথায় মেরে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তালদি এলাকায় বহু বছর ধরেই সবাই মিলে কালীপুজোর আয়োজন করেন। এবার পুজোর বিচিত্রানুষ্ঠান নিয়ে মিঠুন মণ্ডল এবং মদন নস্করের মধ্যে কথা কাটাকাটি হয়। সেদিন প্রতিবেশীরা প্রথমে বিষয়টি মিটিয়ে দেন। পুজো, বিসর্জন সবই নির্বিঘ্নে মেটে। কিন্তু ঝামেলা সেখানেই থামেনি বলে অভিযোগ।
অভিযোগ, শুক্রবার বাড়ি ফেরার সময় মিঠুনের উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়েন রবীন নস্কর। হাতে ছিল লোহার রড। মাথায় একের পর এক আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিঠুন। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই মিঠুনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে এখন চিকিৎসা চলছে তাঁর।
এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত মিঠুন মণ্ডল। তাঁর অভিযোগ, রবীন নস্করের খারাপ ব্যবহারের প্রতিবাদ করাতেই তাঁকে লোহার রড দিয়ে মারা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।