নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকার জেকে নগর কোলিয়ারি সংলগ্ন এলাকায় সোমবার রাতে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাতের দিকে কোলিয়ারি সংলগ্ন নির্জন অংশে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিমচা ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে, যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।
স্থানীয় বিজেপি কর্মী সূত্রে খবর, মৃতার নাম অনিতা দেবী। বাড়িতে একাই থাকতেন তিনি। ছেলে কর্ম সূত্রে বাইরে থাকেন। এবং মেয়ে পড়াশোনার জন্য অন্যত্র থাকেন। ফলে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। গতকাল সন্ধ্যায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডাক্তার প্রণব কুমার। তাঁর সঙ্গে ছিলেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর পার্থ ঘোষ এবং নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা সহ অন্যান্য তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে, নমুনা সংগ্রহের কাজ চলছে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, পাশাপাশি এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।