ওঙ্কার ডেস্ক: সম্প্রতি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বিজেপি ও আরএসএস এর ‘প্রশংসা’ করে বিতর্ক তৈরি করেছেন। এই আবহে বর্ষীয়ান নেতার পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দলে সংস্কারের পক্ষে দিগ্বিজয় যে সওয়াল করেছেন, তাতে সমর্থন জানিয়েছেন থারুর।
গত সপ্তাহে দিগ্বিজয় সিং একটি পোস্টে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ট্যাগ করে কংগ্রেসের মধ্যে সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। এক জন বর্ষীয়ান নেতার এই মন্তব্য কংগ্রেসকে বিব্রত করেছে। সেই সঙ্গে প্রবীণ নেতাদের মধ্যে যে অসন্তোষ পুঞ্জীভূত ছিল সেটিকেও প্রকাশ্যে এনে দিয়েছে। শনিবার সমাজ মাধ্যমে দিগ্বিজয় সিং আরএসএস এবং বিজেপির প্রশংসা করেন। একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা এলকে আদবানির পাশে মেঝেতে বসে রয়েছেন। সেই পোস্টের সঙ্গে দিগ্বিজয় লেখেন, বিজেপি-আরএসএস এর সংগঠনে একজন নীচু স্তরের কর্মী মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মতো শীর্ষ পদে পৌঁছাতে পারেন। যদিও কংগ্রেস নেতা পরে স্পষ্ট করে দেন, যে তিনি আরএসএস-বিজেপির একজন কট্টর বিরোধী। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। একাধিক নেতা দিগ্বিজয়ের পক্ষে দাঁড়ান। হাত শিবিরের তরফে এই ঘটনার প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, সঙ্ঘের আদর্শের সঙ্গে তারা একমত নয়।
উল্লেখ্য, কংগ্রেস সাংসদ থারুর, প্রায়শই দলের নেতাদের সঙ্গে মতপার্থক্যের কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন। রবিবার সকালে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি দিগ্বিজয় সিংয়ের সঙ্গে কথা বলেছেন কিনা। পাশাপাশি প্রবীণ নেতা দলে সংস্কারের জন্য যে আওয়াজ তুলেছেন তা সমর্থন করেন কিনা। কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দিগ্বিজয় সিংয়ের পাশে বসে থাকা অবস্থায় তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন তিরুবনন্তপুরমের সাংসদ। সেই সঙ্গে লিখেছেন, ‘আমরা বন্ধু, এবং কথা বলাটা স্বাভাবিক। সংগঠনকে অবশ্যই শক্তিশালী করতে হবে – এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
