নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পুজোয় বৃষ্টি হবে কি না, গত কয়েকদিন ধরে এটাই ছিল বাঙালির সবচেয়ে বড় চিন্তা। ষষ্ঠীর সকালে সুখবর শোনাল হাওয়া অফিস। শুক্র ও শনিবার আকাশের মুখ ভার থাকলেও অষ্টমী থেকে রোদ ঝলমলে থাকবে আকাশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বছরের মত বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণ ভারতে শুরু হয়েছে ফিরতি মৌসুমী বায়ু। কোমোরিন এলাকা থেকে ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যা দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে শুক্র ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তমী থেকেই আবহাওয়ার বদল। সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গেও একই ছবি। শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ, ষষ্ঠী-সপ্তমীতে ছিটেফোঁটা বৃষ্টি থাকলেও অষ্টমীর সকাল থেকে নির্বিঘ্নে প্যান্ডেল হপিং। উত্তর থেকে দক্ষিণ, পুজোর আনন্দে ভাটা পড়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।