ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই রায় ঘোষণার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই সাজাকে স্বাগত জানালেও, এ বিষয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুজিবকন্যার ফাঁসির সাজা নিয়ে বিবৃতি দিয়েছে। সেখানে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেছেন, ‘২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে যে বিক্ষোভ হয়েছে, সে সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে সুষ্ঠু ভাবে তদন্ত ও বিচার হওয়া অবশ্যই হওয়া উচিত ছিল। কিন্তু এই বিচার ও শাস্তি কোনওটিই সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মৃত্যুদণ্ড মানবাধিকার হরণের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। এটি সবচেয়ে অমানবিক ও অবমাননাকর শাস্তি। ন্যায়বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের জায়গা নেই।’ হাসিনা ছাড়াও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ উত্তাল হয় ছাত্র জনতার বিক্ষোভে। অভিযোগ, সেই বিক্ষোভে প্রায় দেড় হাজার ছাত্র-সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। প্রায় ৩০ হাজার মানুষ জখম হন। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এই হত্যালীলা চালিয়েছিল। শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। তার পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ঢাকায়।
